রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রিমান্ড আবেদনসহ আসামিদের আদালতে হাজির করা হচ্ছে।
আজই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদনের শুনানি হতে পারে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মরিয়মের বাবা এস এম মাসুম বিশ্বাস শেরেবাংলা নগর থানায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম ও মো. ওবায়দুর রহমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে ইসলামী শরিয়াহ মোতাবেক গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে হয়।
এজাহার অনুযায়ী, ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজী নজরুল ইসলাম ফোন করে মরিয়মের বাবা এস এম মাসুম বিশ্বাসকে তার বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি অনেক লোকজনের উপস্থিতি দেখতে পান। পরে জানতে পারেন, বাসার একটি কক্ষে মরিয়ম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন।