জানা নিউজ

এবার ককরোচ পার্টির আন্দোলনে অর্থমন্ত্রীর স্বামী

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী ও অর্থনীতিবিদ পারকালা প্রভাকর। শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠেয় এই কর্মসূচিতে অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজসহ আরও কয়েকজন বিশিষ্টজনের অংশ নেওয়ার কথা রয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হবে।

সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত পারকালা প্রভাকর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘প্রতিটি গলিতে জন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬।

গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পদযাত্রা। আসুন, চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসি।
’ 

কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীরও অংশ নেওয়ার কথা রয়েছে। বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটকে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকেরা।

তবে তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি। 

বিজেপির নীতির সমালোচক প্রভাকর

নির্মলা সীতারমণ বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকলেও তার স্বামী পারকালা প্রভাকর ক্ষমতাসীন দলের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছেন। ‘দ্য ক্রুকড টিম্বার অব নিউ ইন্ডিয়া’ বইয়ে তিনি নোট বাতিলের মতো সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা নিয়েও উদ্বেগ জানিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের নারসাপুরামে জন্ম নেওয়া প্রভাকরের সঙ্গে নির্মলা সীতারমণের পরিচয় হয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও ১৯৮৬ সালে তারা বিয়ে করেন।

২০০৯ সালে অভিনেতা চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রভাকরের রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয়। পরে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সরকারের যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৮ সালের এপ্রিলে পদত্যাগ করেন প্রভাকর। এর কয়েক সপ্তাহ আগে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে বিরোধের জেরে তেলুগু দেশম পার্টি (টিডিপি) এনডিএ জোট ছাড়ে। সে সময় বিরোধীদের একাংশ অভিযোগ করেছিল, কেন্দ্রীয় সরকারের সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে অন্ধ্রপ্রদেশের স্বার্থ রক্ষায় প্রভাকরের ভূমিকা প্রশ্নের মুখে পড়তে পারে।

এর আগে ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির আয়োজিত আরেকটি প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন প্রভাকর। ওই কর্মসূচিতে প্রকাশ রাজ ও ইউটিউবার ধ্রুব রাঠিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে।