জানা নিউজ

এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, বন্ধ ছিল চট্টগ্রাম-ঢাকার ট্রেন চলাচল

গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে ঢাকায় আনা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

যাত্রীদের বরাতে জানা যায়, পুবাইল স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। এ সময় ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে।

পরে ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে আসে। স্থানীয় বাসিন্দা ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ট্রেনচালক বলেন, আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও যাত্রীরা এগিয়ে আসেন। কেউ বালতি ও কলস, আবার কেউ পানির মোটরের পাইপ নিয়ে আগুন নেভাতে সহায়তা করেন। পাশের একটি ড্রেন ও নির্মাণাধীন ভবন থেকে পানি এনে আগুন নেভানো হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। তবে সেখানে আগুন ছিল কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।