জানা নিউজ

‘এক সেকেন্ডেরও কম সময়ে’ মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন কাজল

একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল আগারওয়াল। ২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং সেটে তাঁর সামনে ভেঙে পড়েছিল প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন। ক্রেনটি তাঁর ঠিক পাশেই আছড়ে পড়ে। পুরো ঘটনা ঘটেছিল এক সেকেন্ডেরও কম সময়ে। সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন অভিনেত্রী।
‘হিউম্যানস অব বোম্বে’-কে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেন, দুর্ঘটনার পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, তাঁর মনে হয়েছিল, সেদিন সবার আগে তিনিই মারা যেতেন। ঘটনার পর বেশ কয়েক দিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। তবে মৃত্যুর এত কাছ থেকে ফিরে আসার পর জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল শংকর পরিচালিত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং। করোনাভাইরাস মহামারির কারণে ভারতে লকডাউন শুরুর কয়েক দিন আগের ঘটনা এটি। সেদিন সিনেমার একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটিতে ৮০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করছিলেন কাজল। এজন্য প্রবীণ নারীর সাজে প্রস্থেটিক মেকআপও নিয়েছিলেন তিনি।
শুটিংয়ের বিরতিতে অন্য শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে মনিটরের সামনে বসেছিলেন কাজল। হঠাৎ সেটে শুরু হয় ছোটাছুটি। কী ঘটেছে, তা বুঝতে না পেরে তিনিও দৌড়াতে শুরু করেন। এ সময় একটি টেবিলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান অভিনেত্রী।
পরে পেছনে ফিরে তাকাতেই দেখতে পান, প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন তাঁর দিকেই ভেঙে পড়ছে। মুহূর্তটি স্মরণ করে কাজল বলেন, “আমি তখন ভাবছিলাম, কী থেকে পালাচ্ছি? একবার পেছনে ফিরে তাকাই না কেন? এরপর পেছনে তাকিয়ে দেখি, ১০০ ফুট উঁচু একটি ক্রেন আমার দিকে পড়ে আসছে।”
কাজলের ভাষ্য, পুরো ঘটনাটি এক সেকেন্ডেরও কম সময়ে ঘটে যায়। ক্রেনটি ভেঙে পড়তে দেখে তিনি একেবারে স্থির হয়ে গিয়েছিলেন। কী ঘটছে, তা বুঝে ওঠার আগেই সেটি তাঁর ঠিক পাশেই আছড়ে পড়ে। আতঙ্কে তখন কাঁপছিলেন তিনি।
দুর্ঘটনার পর কয়েক দিন মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও প্রাণে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাজল। এ ঘটনার পর আধ্যাত্মিকতার প্রতি তাঁর আগ্রহ বেড়েছে। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে বলে জানান তিনি। জীবন কতটা অনিশ্চিত, সেই উপলব্ধি তাঁকে প্রতিটি মুহূর্ত নতুনভাবে উপভোগ করতে শিখিয়েছে।
‘ইন্ডিয়ান ২’ সিনেমার শুটিং সেটে ওই দুর্ঘটনায় প্রাণ হারান তিন কর্মী। তাঁরা হলেন সহকারী পরিচালক কৃষ্ণ, আর্ট অ্যাসিস্ট্যান্ট চন্দ্রন এবং প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট মধু। এ ঘটনায় আহত হন আরও নয়জন। প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রোডাকশনস তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল।
লাইকা প্রোডাকশনস ও রেড জায়ান্ট মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন কমল হাসান। এতে আরও ছিলেন সিদ্ধার্থ, এস জে সূর্য, গুলশান গ্রোভার, ববি সিমহা ও প্রয়াত নেদুমুদি ভেনু। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পায় সিনেমাটি। দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতার পর ২০২৪ সালে প্রেক্ষাগৃহে আসে ছবিটি। তবে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।