আসন্ন রোজার ঈদকে ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা। সেই তালিকায় অন্যতম আলোচিত নাম ‘প্রেশার কুকার’। নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসছে বলে জানিয়েছেন তিনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘প্রেশার কুকার’ মূলত চার নারীর জীবনের চারটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত। সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধ চৌধুরী। চারটি আলাদা গল্প একসঙ্গে দেখার সুযোগ থাকায় নির্মাতা বলছেন, দর্শক যেন এক টিকিটেই চারটি সিনেমা দেখার অভিজ্ঞতা পাবেন। রাফী বলেন, ‘এই সিনেমায় গল্পই মূল আকর্ষণ। এমন গল্প যা দর্শকের মন ছুঁয়ে যাবে এবং সময়ের বাস্তবতার সঙ্গে মিলে যাবে। চারটি আলাদা অংশে নির্মিত হওয়ায় দর্শক এক টিকিটে চার সিনেমা দেখার অনুভূতি পাবেন।’ তিনি আরও জানান, সিনেমাটি হালকা বিনোদনের জন্য নয়। বরং এতে রয়েছে টানটান উত্তেজনা ও মানসিক চাপের গল্প। ‘এটা প্রেশারের সিনেমা। যারা সেই চাপ নিতে পারবেন, তাদের জন্যই এই ছবি। অনেকটা রোলার কোস্টারে ওঠার মতো অভিজ্ঞতা হবে’, বলেন নির্মাতা। ইতিমধ্যে সিনেমাটির পোস্টার ও ‘ফার্স্ট হুইসেল’ প্রকাশ পেয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের দৃষ্টি কাড়ে। ট্রেলারের বদলে ‘হুইসেল’ নাম ব্যবহার করাও ছিল নতুনত্বের অংশ। নির্মাতার ভাষ্য, ট্রেলারটি সম্পাদনা করা হয়েছে সাউন্ড ইফেক্টের বিটে বিটে দৃশ্য পরিবর্তনের মাধ্যমে। জানা গেছে, শিগগিরই ছবিটি জমা দেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। সিনেমাটির পুরো শুটিং ও ভিজ্যুয়াল কাজ বাংলাদেশেই সম্পন্ন হয়েছে। এদিকে এই ঈদে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাফী। তিনি বলেন, ‘আমি চাই সব সিনেমা হিট হোক। দর্শকের জন্য যেন সিনেমার মেলা বসে একদিন ‘দম’, একদিন ‘প্রেশার কুকার’, আবার অন্যদিন ‘বনলতা এক্সপ্রেস’ বা ‘প্রিন্স’ দেখবে।’ উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবেও নাম লেখাচ্ছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর। নির্মাতা তার প্রথম প্রযোজিত সিনেমাটি উৎসর্গ করেছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদকে।