জানা নিউজ

একসঙ্গে ফিরছেন হৃদয় খান ও ইমরান

দেশের জনপ্রিয় দুই সংগীত তারকা হৃদয় খান ও ইমরান মাহমুদুল প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন। হৃদয় খানের সুর ও সংগীতে ‘ফিরে এলে না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান। দীর্ঘ অপেক্ষার পর এই দুই তারকার এই মেলবন্ধন ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রবিউল ইসলাম জীবন গানটির কথা লিখেছেন। ইমরান জানান, শীঘ্রই গানটির মিউজিক ভিডিও মুক্তি পাবে। সহকর্মীর সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে ইমরান বলেন, হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য। এটি অন্যরকম একটি কাজ হয়েছে, আশা করি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। বর্তমান সময়ে প্লেব্যাক ও স্টেজ শো-দুই মাধ্যমেই তুমুল ব্যস্ত ইমরান। এবারের রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তিনটিতেই তার কণ্ঠের গান ছিল। ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’, ‘রাক্ষস’ সিনেমার দুটি গান এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’ গানগুলোর মাধ্যমে তিনি ঈদের সিনেমাতে নিজের দাপট বজায় রেখেছেন। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মঞ্চ মাতাতেও প্রস্তুত এই শিল্পী। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি কনসার্টে অংশ নিতে দেশ ছাড়বেন তিনি, ফিরবেন ৭ মে। এ ছাড়া আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে তার, যেখানে একাধিক স্টেজ শোতে গান গাইবেন তিনি।