অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, একজন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের জমানো অর্থ ইঁদুর ও উইপোকায় নষ্ট করে ফেলেছে, এমন খবর জেনে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা তাঁর পাশে দাঁড়িয়েছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দিন, কৃষক তোফাজ্জল হোসেনের বড় মেয়ে মোসাম্মৎ মোর্সেদা এবং গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা প্রমুখ।
সালেহ উদ্দিন বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের নষ্ট হয়ে যাওয়া দুই লাখ টাকা শুধু অর্থ নয়, এটি তাঁর ঘাম, স্বপ্ন, ভবিষ্যৎ ও নিরাপত্তার প্রতীক। একজন প্রান্তিক কৃষকের সারা জীবনের পরিশ্রমের সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ার ঘটনা গভীরভাবে ব্যথিত করে। মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়িয়েছে। এটি সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। মানবিকতার এমন বার্তা ছড়িয়ে দেওয়া সবার দায়িত্ব।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন একজন দরিদ্র কৃষক। স্ত্রী ফাতেমা বেগম ও তিন মেয়েকে নিয়ে তাঁর সংসার। কোনো ছেলে নেই তাঁর। অনেক কষ্টে মেয়েদের বিয়ে দিয়েছেন।
একসময় জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালাতেন তোফাজ্জল। বয়সের ভারে আর রিকশা চালাতে না পেরে গ্রামে ফিরে যান। এরপর কয়েক বছর ধরে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করে স্ত্রীকে সঙ্গে নিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন।
৭২ বছর বয়সী এই কৃষকের আলমারিতে জমিয়ে রাখা দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকা কেটে টুকরো টুকরো করে ফেলে। নষ্ট হয়ে যাওয়া টাকা সামনে নিয়ে তাঁর আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হলে ঘটনাটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পরে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা তাঁর পাশে দাঁড়িয়ে নতুন করে বেঁচে থাকার আশার আলো জোগান।