জানা নিউজ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আজ

যুক্তরাষ্ট্র ও ইরানের হাই প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদে। গতকাল শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও।

স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আজকের আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির।

ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ বলেন, ‘চুক্তির জন্য প্রস্তুত তারা। তবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই তাদের।’এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কী বলেছেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তাকে শুভকামনা জানিয়েছি।’

ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানে এরমধ্যেই শাসন পরিবর্তন ঘটেছে বলে মনে করেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স জানান, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও।

ইসলামাবাদে কড়া নিরাপত্তা

বড় ধরনের কোনো কূটনৈতিক অনুষ্ঠানের আগে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায়ই এ ধরনের ছুটি বা বিধিনিষেধ ঘোষণা করা হয়ে থাকে। জানা গেছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠকের জন্য পাকিস্তান ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে অনুষ্ঠিতব্য বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) জানান, আলোচনায় অংশ নিতে বৃহস্পতিবার রাতে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাতে পারে। তবে পরে তিনি পোস্টটি ডিলিট করেছেন। এ নিয়ে দূতাবাসের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই পোস্টটি করা হয়েছিল।

পোস্টে রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম লিখেছিলেন, ‘ইরানের প্রস্তাবিত ১০ দফার ওপর গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজ (বৃহস্পতিবার) রাতে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাবে।’ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, কিছু সমস্যার কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিনিধি দলটি বৃহস্পতিবারই পৌঁছাবে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।