জানা নিউজ

ইরান যুদ্ধের জেরে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, বাড়ছে অসন্তোষ

ইরান যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ ক্রমেই বাড়ছে। নতুন এক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আর এর বড় কারণ হিসেবে সামনে এসেছে তার যুদ্ধ পরিচালনার ধরন। ৬০ শতাংশেরও বেশি মার্কিন নাগরিক ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরান যুদ্ধের প্রভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে এনবিসি নিউজের নতুন এক জরিপ। গত রোববার প্রকাশিত এই জরিপ অনুযায়ী, ট্রাম্পের কাজের প্রতি সমর্থন নেমে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে। বিপরীতে, ৬৩ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক তার কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। আর এর মধ্যে ৫০ শতাংশের অসন্তোষ ছিল তীব্র। একই জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি মাত্র ৩৩ শতাংশ মানুষ আংশিক বা পূর্ণ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ৬৭ শতাংশ এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।জরিপ অনুযায়ী, এই যুদ্ধ মার্কিন জনগণকে দলীয় বিভাজনের রেখায় আরও স্পষ্টভাবে ভাগ করে দিয়েছে। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের ৮২ শতাংশ এই যুদ্ধের বিরোধিতা করেছেন, যেখানে রিপাবলিকানদের ৭৪ শতাংশ সমর্থন জানিয়েছেন। তরুণদের মধ্যে যুদ্ধবিরোধী অবস্থান আরও শক্তিশালী হয়েছে। জরিপে দেখা গেছে, মোট প্রাপ্তবয়স্কদের ৬১ শতাংশ মনে করেন যুক্তরাষ্ট্রের ইরানে আর কোনও সামরিক পদক্ষেপ নেয়া উচিত নয়। তবে ৩০ বছরের কম বয়সীদের মধ্যে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪ শতাংশে।