ইরাকের উত্তরাঞ্চলে গতকাল বৃহস্পতিবার এক বিমান হামলায় অন্তত দুই যোদ্ধা নিহত হয়েছেন। একাধিক সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। কিরকুক থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। ইরাক দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রক্সি সংঘাতের ক্ষেত্র। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেশটি এখন জড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবারের বিমান হামলার লক্ষ্য ছিল কিরকুক শহরের একটি ঘাঁটি। সেখানে অবস্থান করছে হাশেদ আল-শাবি, যা আগে একটি আধাসামরিক জোট ছিল এবং এখন ইরাকের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত। এই জোটের ভেতরে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ব্রিগেডও রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এসব গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একাধিক হামলা চালায়। কিরকুকের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘একটি বিমান থেকে তাদের ঘাঁটিতে হামলা চালালে হাশেদ বাহিনীর অন্তত দুই সদস্য শহীদ হয়েছেন।’ হামলার স্থানটি আগুনে পুড়ে গেছে। সেখানে এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। হাশেদ বাহিনীর একজন কর্মকর্তা এএফপিকে জানান, ওই হামলায় তিনজন যোদ্ধা নিহত হয়েছে। কিরকুকে থাকা এএফপির একজন সাংবাদিক জানান, ঘটনাস্থলের কাছে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গাটি শহরের বিমানবন্দরের কাছাকাছি। যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত কয়েকটি ইরাকি সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এসব গোষ্ঠী আবার ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ নামে একটি শিথিল জোটের অধীনেও রয়েছে। তারা ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলার দায় স্বীকার করেছে।