অধ্যাপক মামুন আহমেদ বলেন, নতুন ভবন নির্মাণের কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নিতে পর্যায়ক্রমে ইউজিসির বিভিন্ন বিভাগকে বিকল্প স্থানে স্থানান্তর করা হবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে কয়েকটি বিভাগ শাখা অফিসে তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে। বিকল্প কর্মস্থলে স্থানান্তরিত হয়ে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ইউজিসির অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি আধুনিক, নিরাপদ ও কার্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউজিসির প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. নিয়াজ আহমদ চৌধুরী, সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের পরিচালক ও জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।