জানা নিউজ

আসছে বিজয়ের শেষ সিনেমা, অগ্রিম টিকিট বুকিং তুঙ্গে

আর মাত্র দুদিন পরই ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পাচ্ছে তামিল সুপারস্টার ও বর্তমান তামিলনাডু মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’। মুক্তির আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড তৈরি করেছে। ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটি প্রথম দিনেই ১৫ কোটি রুপির গণ্ডি পেরিয়ে গেছে। ভারতীয় সংবাদমাদ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি। সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সিনেপ্রেমীদের অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা।
রাজনীতিতে পূর্ণ সময় দেয়ার আগে এটিকেই অভিনেতা বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে। আর এ কারণেই সিনেমাটি ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। গত ১৯ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায় দর্শকের।
টিকিট বিক্রির শুরুতে কম সাড়া পেলেও দিনে পেরোনোর সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে ‘জন নয়াগণ’-এর অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা। পরিসংখ্যান বলছে, বিজয়ের আগের দুই সুপারহিট সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এর রেকর্ডের পেছনেই রয়েছে ‘জন নয়াগন’-এর অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা।
জানা গেছে, দর্শক চাহিদা তুঙ্গে থাকায় গত মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতের বাজারে থালাপতি বিজয়ের শেষ সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ে বাজিমাত করছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক (ঝধপহরষশ)-এর তথ্য অনুযায়ী, সিনেমাটির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ রুপি। এর মধ্যে তামিল সংস্করণ থেকেই এসেছে সবচেয়ে বেশি আয়। রাজ্যভিত্তিক আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে অগ্রিম বুকিং থেকে এসেছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক (৪ কোটি ৮৮ লাখ) এবং কেরালা (১ কোটি ৮০ লাখ রুপি)।
বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগের শেষ মুহূর্তে টিকিট বিক্রি আরও বাড়তে পারে। সিনেবোদ্ধারা বলছেন, ভারতে প্রথম দিনে ৫০ থেকে ৬০ কোটি রুপি আয় করতে পারে থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমাটি। তবে শেষ মুহূর্তের বুকিং বাড়লে এই অঙ্ক আরও বাড়তে পারে। অগ্রিম টিকিট বুকিংয়ের সংখ্যা বলছে, বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙে তামিল সিনেমার সর্বোচ্চ ওপেনিংয়ের নতুন ইতিহাস গড়তে পারে বিজয়ের এই বিদায়ী চলচ্চিত্র।
এইচ. ভিনোথ পরিচালিত ‘জন নয়াগণ’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন থালাপতি বিজয়। বিজয় ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওলের মতো তারকারা। সিনেমাটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।