জানা নিউজ

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৪১ জেলে

টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ৪১ জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বন্দিদশা থেকে দেশে ফিরিয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় তাদের টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

এ নিয়ে চলতি বছর বিভিন্ন সময়ে মিয়ানমারে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টেকনাফ বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

 এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মঈনুল আলম, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমানসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় বিভিন্ন সময়ে এসব জেলেকে আটক করে আরাকান আর্মি।

পরে বিজিবির ধারাবাহিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দেশে ফেরা জেলেদের একজন আবুল হোসেন (৬০)।

তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা। প্রায় নয় মাস আরাকান আর্মির বন্দিশালায় থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।আবুল হোসেন জানান, পাঁচজন মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের পূর্ব পাশে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে নিয়ে যায়।

বন্দিজীবনের বর্ণনা দিয়ে তিনি বলেন, প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হতো। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিকের মতো কাজ করতে বাধ্য করা হতো। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হতো। সারাদিনের জন্য দেওয়া হতো মাত্র একবেলা ভাত। এভাবে নয় মাস মানবেতর জীবন কাটিয়েছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আরাকান আর্মির হেফাজত থেকে ৪১ জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সেখানে আটক থাকা অন্য জেলেদেরও দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশে ফেরা জেলেদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর বিভিন্ন সময়ে মিয়ানমারে আটক হওয়া মোট ৩২৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন।