আফগানিস্তানে মাইন ও অবিস্ফোরিত গোলা যেন মাটির নিচে মৃত্যুফাঁদ হয়ে আছে। এসব বিস্ফোরণে ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ২৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন। গতকাল সোমবার আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষের হিসাবে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৮৯ জনই শিশু। আহত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যা ৭৩। কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ জানিয়েছেন, চলতি বছরে দেশজুড়ে মাইন ও অবিস্ফোরিত গোলার বিস্ফোরণে মোট ৩৪৪ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। এদিকে, সর্বশেষ বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত রোববার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের শিরিন তাগাব জেলায়। সেখানে অবিস্ফোরিত একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে এক নারী ও এক শিশু গুরুতর আহত হন। পরে, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাদের। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল্লাহ মুরাদির বরাত দিয়ে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া। টোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের ৯০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এখনও মাইন ও অবিস্ফোরিত বোমার ঝুঁকিতে রয়েছে। এসব বিস্ফোরক সাধারণ মানুষের জীবনকে প্রতিনিয়ত বিপদের মুখে ফেলছে। তবে, আফগানিস্তানের কিছু এলাকায় মাইন ও অবিস্ফোরিত বোমার ঝুঁকি কমানোর কাজ চলছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সার-ই-পুল প্রদেশকে যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক থেকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত করা হয়েছে। এর আগে, বামিয়ান প্রদেশও বিস্ফোরকমুক্ত করা হয়। ফলে, বামিয়ানের পর সার-ই-পুল হলো দেশটির দ্বিতীয় প্রদেশ, যেখানে এ কাজ সম্পন্ন হয়েছে। আফগানিস্তানে মাইন ও অবিস্ফোরিত বোমার এই ঝুঁকির পেছনে রয়েছে দীর্ঘদিনের যুদ্ধ। ২০০১ সালের অক্টোবরে ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর প্রায় ২০ বছর ধরে চলে সেই যুদ্ধ। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র তাদের সেনাদের নিয়ে আফগানিস্তান ছেড়ে গেলে সেই যুদ্ধের অবসান ঘটে। একই সময়ে আবার ক্ষমতায় ফেরে তালেবান। তবে, যুদ্ধ শেষ হলেও এর রেখে যাওয়া অসংখ্য মাইন ও অবিস্ফোরিত গোলা এখনও মাটির নিচে রয়ে গেছে। এসব বিস্ফোরক সাধারণ মানুষের জন্য মৃত্যুফাঁদ হয়ে আছে। বিশেষ করে, শিশুরা এর স্বীকার হচ্ছে বেশি। ফলে, যুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরও আফগানিস্তানের বিভিন্ন এলাকায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে।
সূত্র: আনাদোলু এজেন্সি