জানা নিউজ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘চিরকুট’

প্রথম চলচ্চিত্র নির্মাণ করেই বাজিমাত করলেন তরুণ পরিচালক মুনতাসির আকিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোমাঞ্চকর ও আবেগঘন সত্য ঘটনা অবলম্বনে তিনি নির্মাণ করেছেন ‘চিরকুট’ সিনেমা। মর্যাদাপূর্ণ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরের ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে জায়গা করে নিয়েছে এটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘চিরকুট’। মুক্তির পর থেকে এর বাস্তবধর্মী গল্প ও নির্মাণশৈলী দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। বাণিজ্যিক ও সমালোচকমহল থেকে প্রশংসিত হওয়ার পর দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির এই অফিশিয়াল সিলেকশন টিম চিরকুটের আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাস্তব জীবনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় মুখ্য চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা এবং নবাগতা আজিজুন মিম। তাদের অনবদ্য রসায়ন ও চরিত্র ফুটিয়ে তোলার ভঙ্গি দর্শকদের মনে ধরেছে। ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্রেই এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত পরিচালক মুনতাসির আকিব। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনাকে পর্দায় সঠিকভাবে তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য। আন্তর্জাতিক পরিমণ্ডলে সিনেমাটি প্রদর্শিত হতে যাওয়া পুরো টিমের কঠোর পরিশ্রমের বড় এক প্রাপ্তি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে প্রদর্শনের মাধ্যমে ‘চিরকুট’ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে বাংলা সিনেমার মর্যাদা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন চলচ্চিত্রপ্রেমীরা।