জানা নিউজ

আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল

 আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বর্তমানে ১৫১টি উপজেলায় ৩০ লাখের বেশি শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে ১৫১টি উপজেলায় ৩০ লাখের বেশি শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন বিদ্যালয়ে পুষ্টিকর খাবার পাচ্ছে।

বাকি বিদ্যালয়গুলোকে আগামী বছর থেকে মিড ডে মিল কর্মসূচির আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে যে স্কুল ফিডিং কর্মসূচি চলছে, সেটিই মূলত অন্য উপজেলাগুলোতে সম্প্রসারণ করে মিড ডে মিল নামে চালু করা হবে।

এটি একই প্রকল্প এবং আগামী বছর থেকে সব স্কুল এ সুবিধা পাবে। পরবর্তী প্রকল্পে সব উপজেলাকে এর আওতায় নিয়ে আসা হবে।
মিড ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের মায়েদের সম্পৃক্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, খাবার গ্রহণ ও মান যাচাইয়ের জন্য গঠিত মাদার্স কমিটিতে তিনজন মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন শিক্ষক থাকবেন। খাবারের মান নিয়ে কোনো সমস্যা হলে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে মায়েদের আরও আত্মবিশ্বাসী করে তোলার কাজ চলছে।

মিড ডে মিল কর্মসূচি শুরুর দিকে যে ত্রুটিগুলো ছিল, সেগুলো প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, গত এক মাসে তিনি ১২ থেকে ১৪টি জেলায় মিড ডে মিলসংক্রান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন। মাঠপর্যায়ের প্রতিবেদনে আগের তুলনায় ত্রুটির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসার তথ্য পাওয়া গেছে। শুরুর দিকে যে ত্রুটিগুলো ছিল, সেগুলো একেবারে কমে গেছে। আমি হয়তো শূন্য বলব না, তবে শূন্যের কাছাকাছি চলে এসেছে।