জানা নিউজ

আইপিএলের প্রস্তাব ছেড়ে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে হাসি

অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক তারকা ব্যাটার মাইক হাসি। এক্ষেত্রে তার মূল দায়িত্ব হবে ২০২৭ অ্যাশেজ সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে হাসি অজি প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে স্বল্পমেয়াদে কাজ করেছেন। মূলত প্রতি বছর পার্থ টেস্টের আগে অতিরিক্ত ব্যাটিং পরামর্শক হিসেবে বাঁ-হাতি এই সাবেক ব্যাটার যোগ দেন অজি জাতীয় দলে। তবে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন এবং আইপিএলে চেন্নাই সুপার কিংস ও ‘দ্য হান্ড্রেড’-এ ওয়েলশ ফায়ারের কোচিং পজিশনে ব্যস্ত থাকায়, তিনি দলের সঙ্গে আরও দীর্ঘ সময় কাজ করতে পারেননি। হাসি এবার বড় সময়ের জন্য যুক্ত হচ্ছেন উত্তরসূরীদের সঙ্গে। এর আগে অবশ্য ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ারও প্রস্তাব পেয়েছিলেন মাইক হাসি। ওই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং। তার সঙ্গে চেন্নাই সুপার কিংসে দীর্ঘ সময় কাজ করেছেন হাসি, ফলে ইংলিশ জাতীয় দলেও উভয়ের জুটি দেখার সুযোগ ছিল। তবে হাসি তাতে রাজি হননি। তখন ধারণা করা হচ্ছিল আরও ভালো কোনো প্রস্তাব হাতে থাকতে পারে হাসির। অস্ট্রেলিয়ার কোচিং পরামর্শকের দায়িত্ব পেয়ে সাবেক এই তারকা বেশ উচ্ছ্বসিত, ‘আগামী বছরগুলোতে আরও আনুষ্ঠানিক ও অর্থবহ ভূমিকায় এই দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সাম্প্রতিক সময়ে এই দলটি অনেক কিছু অর্জন করেছে। সামনে যে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং সময় আসছে, তাতে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের দলে আমি আমার অবদান রাখতে পারব বলে আশা করছি।’ জাতীয় দলের কোচিং প্যানেলের হাসির অন্তর্ভুক্তির গুরুত্ব উল্লেখ করে অজি প্রধান কোচ ম্যাকডোনাল্ড বলছেন, ‘মাইক অতীতে আমাদের কোচিং স্টাফের একজন অত্যন্ত মূল্যবান সদস্য ছিলেন। তার এমন সব দক্ষতা আছে, যা আমাদের কোচ ও খেলোয়াড়দের জন্য দারুণ সহায়ক। বিভিন্ন ফরম্যাট, প্রতিযোগিতা ও দেশে খেলোয়াড় এবং কোচ হিসেবে তার যে অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে তা যেমন অমূল্য, তেমনি একজন মানুষ হিসেবেও তিনি অসাধারণ গুণাবলির অধিকারী।’ মাইক হাসি মূলত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের প্রতিই বেশি মনোযোগ দেবেন। ২০২২ সালে ম্যাথু মটের অধীনে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন তিনি। অজিদের আসন্ন বড় সিরিজগুলোয় মনোযোগ দেওয়ার স্বার্থে প্রধান কোচ ম্যাকডোনাল্ড টি-টোয়েন্টি সিরিজগুলোয় থাকবেন না। তার পরিবর্তে সহকারী কোচ আন্দে বোরোভেক থাকবেন দায়িত্বে। আর তার সঙ্গে হাসি তো থাকবেন-ই।