হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৮তম অস্কারের আসর বসতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ১০টি সিনেমা। চলচ্চিত্রপ্রেমীদের চোখ এখন এই পুরস্কার মঞ্চের দিকে, যেখানে ঘোষণা করা হবে বছরের সেরা ছবির নাম। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এবারের অস্কারের মূল লড়াই হতে পারে দুটি সিনেমাকে ঘিরে। একটি হলো পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যেখানে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। অন্যটি রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’। ইতোমধ্যে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ব্রিটিশ একাডেমি পুরস্কার এবং ডিরেক্টরস গিল্ডের মতো গুরুত্বপূর্ণ সম্মাননা জিতে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে নির্মিত ‘সিনার্স’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে। তাই অস্কারের দৌড়ে এই দুটি সিনেমাকে এগিয়ে রাখছেন অনেকেই। মনোনয়ন তালিকায় আরও রয়েছে বড় বাজেটের ছবি ‘এফ ওয়ান দ্য মুভি’। ফর্মুলা ওয়ান রেসিংকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন ব্র্যাড পিট। বিশ্বজুড়ে প্রায় ৬৩০ মিলিয়ন ডলার আয় করে ছবিটি অস্কারের দৌড়ে জায়গা করে নেয়। এ ছাড়া অস্কারজয়ী নির্মাতা ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ এবং ইয়োর্গস লান্থিমোসের সায়েন্স ফিকশন থ্রিলার ‘বুগোনিয়া’ নিয়েও আলোচনা চলছে। ‘বুগোনিয়া’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এমা স্টোন। তালিকায় রয়েছে গুইলারমো দেল তোরোর পিরিয়ড হরর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং টিমোথি শ্যালামে অভিনীত জীবনীভিত্তিক সিনেমা ‘মার্টি সুপ্রিম’। আন্তর্জাতিক সিনেমার দিক থেকেও জায়গা করে নিয়েছে দুটি ছবি। এর একটি ব্রাজিলের থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং অন্যটি ডেনিশ নরওয়েজিয়ান নির্মাতা জোয়াকিম ট্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। এবারের তালিকায় চমক হিসেবে রয়েছে নেটফ্লিক্সের স্বল্প বাজেটের সিনেমা ‘ট্রেন ড্রিমস’। বড় বাজেটের ছবিগুলোর সঙ্গে সমানতালে লড়াইয়ে থাকা এই ছবিটি নিয়েও আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। ১৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে অস্কারের বহুল কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। এবারের আসর ঘিরে বিশ্বজুড়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে টানটান উত্তেজনা।