জানা নিউজ

অভিনয়ের ‘এ টু জেড’ শেখাবেন সালমান, খুললেন ইউটিউব চ্যানেল

দীর্ঘদিন ধরে বক্স অফিসে প্রত্যাশিত সাফল্যের দেখা পাচ্ছেন না বলিউড সুপারস্টার সালমান খান। এর মধ্যেই নানা জটিলতা পেরিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’। পাশাপাশি একটি বড় বাজেটের দক্ষিণী সিনেমার শুটিংয়েও ব্যস্ত তিনি। এর মধ্যে নতুন ইউটিউব চ্যানেল খুলে ভক্তদের চমকে দিলেন বলিউডের ‘ভাইজান’। তবে এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং অভিনয়ের খুঁটিনাটি শেখানোরও একটি নতুন উদ্যোগ। ‘বিয়িং দ্য সালমান খান’ নামে নতুন এই ইউটিউব চ্যানেলের ঘোষণা দিয়েছেন অভিনেতা নিজেই। শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চ্যানেলটির লিংক শেয়ার করে সালমান লেখেন, ‘তাহলে শুরু থেকে শুরু করি। আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড- সব কিছু এখানেই পাওয়া যাবে। ’ প্রায় চার দশকের অভিনয়জীবনে নিজস্ব স্টাইল, পর্দার উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন সালমান। এবার সেই অভিজ্ঞতা নতুনভাবে কাজে লাগাতে চান তিনি। অভিনয় শিখতে আগ্রহীদের জন্য নিজের অভিজ্ঞতা ও অভিনয়ের বিভিন্ন দিক তুলে ধরবেন এই ডিজিটাল মাধ্যমে। চ্যানেলটির প্রচার ঝলকেও রয়েছে অভিনবত্ব। সেখানে সালমানকে দেখা গেছে দুটি ভিন্ন রূপে-একজন অভিজ্ঞ অভিনয় প্রশিক্ষক, অন্যজন অভিনয়ের খুঁটিনাটি শিখতে আসা শিক্ষানবিশ। এই দুই চরিত্রের মধ্য দিয়ে অভিনয়ের নানা বিষয় তুলে ধরার ইঙ্গিত দিয়েছেন তিনি। ফলে নতুন এই উদ্যোগ ঘিরে ভক্তদের পাশাপাশি অভিনয়ে আগ্রহীদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। তবে ইউটিউবের দুনিয়ায় সালমানের পদচারণ নতুন নয়। ২০২০ সালে ‘সালমান খান ফিল্ম মিউজিক’ নামে একটি চ্যানেল চালু করেছিলেন তিনি। বর্তমানে চ্যানেলটির অনুসরণকারীর সংখ্যা প্রায় ৩০ লাখ। সেখানে তার বিভিন্ন সিনেমার গান প্রকাশের পাশাপাশি জায়গা পেয়েছে মৌলিক গানও। করোনাকালে অভিনয়ের পাশাপাশি গানের প্রতিও নিজের আগ্রহের পরিচয় দিয়েছিলেন সালমান। ওই সময় প্রকাশ করেছিলেন ‘প্যায়ার করোনা’ ও ‘তেরে বিনা’র মতো গান। এবার অবশ্য গানের বদলে অভিনয়ের পাঠ নিয়ে হাজির হয়েছেন তিনি। নতুন চ্যানেলের মাধ্যমে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে তুলে ধরেন সালমান, এখন সেটিই দেখার অপেক্ষা।